প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ২:০১ PM ||
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৬, ৪:২০ PM
গোপালগঞ্জে ঈদুল আজহা পরবর্তী বর্জ্য অপসারণে মাঠে জেলা প্রশাসন
গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহার কোরবানি শেষে গোপালগঞ্জ জেলা শহরকে দ্রুত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ফিরিয়ে আনতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও জীবাণুমুক্তকরণের লক্ষ্যে শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও পৌর প্রশাসক ফারিহা তানজিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পৌরসভার সহযোগিতায় এ বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন। কোরবানির পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য সরিয়ে নেওয়ার পর দুর্গন্ধ দূরীকরণ এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই প্রতিরোধে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক ফারিহা তানজিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শহরের শতভাগ বর্জ্য অপসারণে আমরা সফল হয়েছি। পুরো শহর আমাদের মনিটরিংয়ের আওতায় রয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।”
তিনি আরও জানান, দ্রুত বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত ট্রাক, ট্রলি এবং অন্তত ১৬৫ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, “ঈদ আমাদের আনন্দের উৎসব। তবে এই উৎসবের কারণে যেন পরিবেশ দূষিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে মাঠে কাজ করছেন। জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর উপহার দেওয়া সম্ভব হবে।”
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বিগত বছরগুলোর তুলনায় এবার বর্জ্য অপসারণ কার্যক্রম অনেক দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। ফলে ঈদের পরপরই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের ভোগান্তি থেকে নগরবাসী অনেকটাই মুক্তি পাচ্ছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক ফারিহা তানজিন জানান, শহরের সর্বশেষ বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১